বাক্‌ ১৪০ ।। শিরোনাম কম পড়িয়াছে ।। জ্যোতির্ময় বিশ্বাস



১
পাশের বাসা দোলনচাঁপার বাসনা পাঠায়
আমরাও গন্ধরাজের চারা পুঁতেছি

২
সন্ধ্যাকালে কেউ কেউ গিয়ে
কালভার্টে বসে। ব’সে, যেদিন যে যায় না-
তার সুখদুখ নিয়ে বলাবলি করে।

৩
আমি
কামরাঙা ফুলফোটা মৃদুল সংসার
নীল
টিউবওয়েল গেঁথে নিয়ে চোখে
একটা
হিমগাছের বিছন বোনা বিজন
বরাবর
তোমার ভিতর ঢুকে পড়েছি
দরদী রাজার বাড়িতে ভিড়। তেমন ব্যাপার।

৪
হাতের মধ্যে হাত ঘেমে যেত
রিকশায় বসে উদাস হয়ে খুব
হাতের মধ্যে হাত ঘেমে যেত

৫
করলা দিয়ে মটরকলাই ডাল
মায়ের হাতে খেতে চেয়েছিলেন
লক্ষ্মীপুরের সেই সাধু আর এলেন না
এখন আমাদের দিন ফিরেছে।

                                                  চিত্রঋণ- শোভিত রায়

No comments:

Post a Comment